জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব বলেছেন, 'জনগনই এদেশের মালিক। কিন্তু জনগনের ভোটাধিকার থাকতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে হলে জনগনের সম্মতি দরকার হয়। কিন্তু এখন যে সরকার ক্ষমতায় আছে, তাদের যে পার্লামেন্ট রয়েছে সেটা জনগনের সম্মতিতে হয়নি। জনগনের সম্মতিতে এ সরকার গঠন না হওয়ায় এ সরকার অবৈধ, এ পার্লামেন্টও অবৈধ। জনগনের ভোটের অধিকার ধ্বংস করেছে এ সরকার। তাদেরকে জনগনের ভোটাধিকার ফেরত দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।'
সোমবার দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে জেলা জেএসডির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, 'বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না করলে দেশের সংকটের স্থায়ী সমাধান হবে না। এই জন্য সংসদের উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার করে দেশে জরুরি ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণ যোগ্য নির্বাচন দিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট মোসলেম উদ্দীনের সভাপতিত্বে উক্ত জেলা সম্মেলনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেক রতন, সহ-সভাপতি এম গফরান, সদস্য মীর জিল্লুর রহমান, সাতক্ষীরা জেলা জেএসডির সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনূর খান বাবুল প্রমুখ।
