নড়াইলের কালিয়া উপজেলায় রানা মোল্যা (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রানা রঘুনাথপুর গ্রামের বক্তিয়ার মোল্যার ছেলে। এ ঘটনায় আহত হাশেম (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য নিয়ে ওই গ্রামে আজিজার সিকদার ও এনামুল শেখ মেম্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। প্রায় দেড় মাস আগে রঘুনাথপুর বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়রা এ বিবাদ মীমাংসা করতে ব্যর্থ হয়। সোমবার বিকেলে ভাড়ায় মোটরসাইকেল চালক রানা মোল্যা রঘুনাথপুর ব্রিজের কাছে আসলে প্রতিপক্ষ আজিজার সিকদারের লোকেরা ওই দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রানা ও হাশেমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে রানার মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
