আফগান তালেবান কাতারে অবস্থিত তাদের রাজনৈতিক কার্যালয়ের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। এতে ধারণা করা হচ্ছে সংগঠনটির চলমান আভ্যন্তরীণ বিভেদ দূর হওয়ার পথে রয়েছে।
আফগান তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের নতুন প্রধান মোল্লাহ আখতার মানসুর তাদের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাইকে নিয়োগ দিয়েছেন।
গত আগস্ট মাসে তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লাহ ওমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই জঙ্গি সংগঠনটিতে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরপর থেকেই ওই পদটি খালি ছিল।
এই নিয়োগকে তালেবানের নতুন প্রধান মোল্লাহ মোহাম্মদ মনসুরের কতৃত্ব সুদৃঢ় হওয়া এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই সফরে আফগান সরকারের সাথেও হয়তো কোনো গোপন সমঝোতা হয়ে থাকতে পারে। আর এর ফলেই তালেবানের এই পদক্ষেপ। পাকিস্তান অবশ্য তালেবানের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা বরাবরের মতোই অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি
