রংপুরের নিখোঁজ বিএনপি নেতা মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে আটক করেছে র্যার। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে র্যার-১৩ -এর একটি টহল দল তাকে আটক করে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘রংপুর র্যাব-১৩-এর একটি টহল দলকে দেখে আত্মরক্ষার জন্য পালানোর সময় মোজাফফরকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করে র্যাব। তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। এখন লালমনিরহাট আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।’ এ ছাড়া তার বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন রংপুর নগরীর শালবন এলাকার নিজ বাড়ি থেকে মোজাফফরকে নিয়ে যায় বলে অভিযোগ করেছিল তার পরিবার।
অবশ্য রংপুর পুলিশ ও র্যাব তা অস্বীকার করে আসছিল।
