তৃতীয় দফায় ভারতে গেলেন পঞ্চগড়ের ১৫২ জন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৬:৪৪
 
তৃতীয় দফায় ভারতে গেলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগবাড়ি ছিটমহলের ৩০টি পরিবারের ১৫২ জন। মঙ্গলবার তারা স্থায়ীভাবে ভারতে চলে যান।
 
১৫০ জন যাওয়ার কথা থাকলেও দুই নবজাতকসহ এই সংখ্যা হয়েছে ১৫২ জন। এর মধ্যে ৬৩ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং দুই নবজাতকসহ ৪৯টি শিশু।
 
সোমবার বিকালে প্রয়োজনীয় মালামালসহ তারা দেবীগঞ্জ ডিগ্রী কলেজে স্থাপিত চেকিং ও লোডিং পয়েন্টে উপস্থিত হন। কাস্টমস ও বিজিবি কর্তৃপক্ষের চেকিং কার্যক্রমের পর সেখানে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়। আজ সকালে দেবীগঞ্জ চেকিং ও লোডিং পয়েন্ট থেকে চারটি বাস ও আটটি ট্রাকে মালামালসহ তদের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে রওয়ানা দেন তারা।
 
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ১ম সচিব রমা কান্ত গুপ্ত, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
বিকালে  চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে হলদিবাড়ী সীমান্ত দিযে ভারতে প্রবেশ করেন তারা।
 
৪র্থ দফায় বৃহস্পতিবার দগলা খাগড়াবাড়ী ও দইখাতা ছিটমহলের ২৩টি পরিবারের ১০৮ জন সদস্য ভারতে যাবেন। চার দফায় যারা ভারতে যেতে পারবেন না তাদেরকে ৩০ নভেম্বর পাঠানো হবে বলে পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।