নারায়ণগঞ্জে পুলিশের এক নায়েকসহ চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার রাতে জেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকায় পুলিশ চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন জেলা পুলিশ লাইনের নায়েক শহীদুল ইসলামের নেতৃত্বে কনসটেবল রাসেল, পলাশ ও রহমত। রাত সাড়ে ১১ টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিদুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িতে চড়ে নারায়ণগঞ্জ আসছিলেন। এ সময় পুলিশ চেক পোস্টে তাকে বহনকারী গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে গাড়ির কাগজপত্র চাওয়া হলে চালক কাগজপত্র দেখান। কাগজপত্র ঠিক থাকলেও পুলিশ সদস্যরা ঘুষের জন্য সাদা পোশাকে থাকা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে আকার ইঙ্গিতে বায়না ধরেন। এ সময় তিনি তার পরিচয় দেন। কর্তব্যরত ওই চারজনকে রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বলেন, ‘সোমবার রাতে তিনি ঘটনাস্থলে গিয়ে চেক পোস্টের দায়িত্বে নিয়োজিত ওই পুলিশ সদস্যদের পাশের দোকানে চা পান করছে দেখতে পান। তাই তাদের প্রত্যাহার করে সেখানে নতুন লোক দেয়া হয়েছে।’
