ফরিদপুরে দায়ের কোপে হিন্দু নেতা আহত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৯:৩৬
ফরিদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন দুর্বৃত্তদের দায়ের কোপে আহত হয়ে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
 
অলোকের স্ত্রী শিখা সেন জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ২২-২৩ বছর বয়সী অজ্ঞাত দুই যুবক জেলা শহরের চরকমলাপুরে অলোকের বাড়ির সামনে গিয়ে তাকে ডাকেন। তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে ওই দুই যুবক তাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। অলোকের চিৎকারে স্ত্রী বাইরে গেলে তাকে ধাক্কা দিয়ে যুবকেরা পালিয়ে যান। পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।IMG0
 
অলোক সেন জানান, হামলকারীদের তিনি চিনতে পারেননি। তার সঙ্গে কারো শত্রুতা নেই।
 
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত চলছে। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।