গাজীপুরে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো. বাছির উদ্দিন বিশ্বাস (১৩) গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে রাণী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাছির শহরের জোড়পুকুরপাড় এলাকার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আ. সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জয়দেবপুর থানার এসআই নূর মোহাম্মদ জানান, বিকালে নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
