চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের বাউড়া গ্রামে বিষপানে নবীর হোসেন (১৮) ও রেহানা আক্তার (১৬) নামের দুইজন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
নবীর ওই গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদের ছেলে ও রেহানা পাশের বাড়ির আজিজ উল্লাহর মেয়ে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, নবীর ও রেহানার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যা মেয়েটির পরিবার মেনে নেয়নি। এ কারণে মঙ্গলবার দিনের কোনো এক সময় বাড়ির পাশের একটি খোলা মাঠে গিয়ে নবীর ও রেহানা বিষপান করেন। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সন্ধ্যায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়। পরে তাদের মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটা. মো. মামুনুর রহমান মজুমদার বলেন, 'ছেলে-মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে শুনেছি।'
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, দু’জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে। সকাল ১১টায় উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
