ব্রাসেলসে খুলে দেয়া হয়েছে স্কুল ও মেট্রোরেল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৮:০০
সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্কুল ও মেট্রোরেল বন্ধ করে দেয়ার চার দিন পর বুধবার খুলে দেয়া হয়েছে। প্যারিসে সিরিজ হামলার পর সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এসব বন্ধ করে দিয়েছিল বেলজিয়াম সরকার।
 
তবে দেশটির রাজধানীতে সর্বোচ্চ সতর্কাবস্থা এখনো জারি রাখা হয়েছে। শত শত পুলিশ ও সেনা সদস্য সেখানে টহল দিচ্ছে। কর্তৃপক্ষ সেখানে প্যারিস হামলার আদলে নতুন করে হামলার আশঙ্কা করছেন। উল্লেখ্য, সেই হামলায় অংশগ্রহণকারীদের বেশ কয়েকজন বেলজিয়ামে ছিলেন।
 
ফ্রান্স জানিয়েছে, গত ১৩ নভেম্বরের হামলায় ১৩০ জন নিহত হয়েছেন। হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে তিনি বেলজিয়ামে পালিয়ে গিয়ে থাকতে পারেন। সেখানে তাকে ধরার জন্য অভিযান চালাচ্ছে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী।
 
প্রতিবেশী ফ্রান্সে হামলায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যেই বেলজিয়ামে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।  এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলজিয়ামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়েছে।
 
এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, বুধবার মেট্রো সার্ভিস ও স্কুলগুলো খুলে দেয়া হবে। তবে মেট্রোর ক্ষেত্রে তা ধাপে ধাপে সম্পন্ন করা হবে। জারি করা সর্বোচ্চ সতর্কতা আর কতদিন অব্যাহত থাকবে তা আগামী ৩০ নভেম্বর পুনর্বিবেচনা করা হবে।
 
তিনি আরও জানান, ব্রাসেলস ছাড়া দেশের বাকি এলাকাগুলোয় তৃতীয় স্তরের সতর্কতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, তৃতীয় স্তরের সতর্কতার অর্থ হলো হামলার শঙ্কা রয়েছে এবং হুমকিটি বিশ্বাসযোগ্য। সূত্র: বিবিসি, রয়টার্স