দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত রিয়াদের দাফন সম্পন্ন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ২০:০৫
 
দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীরা গুলিতে নিহত ফেনীর দাগনভূইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের গৌতমখালি গ্রামের মো. রিয়াদ হোসেন (২৫) এর বুধবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।
 
মঙ্গলবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার পরিবার লাশ গ্রহন করে বাড়িতে নিয়ে আসেন। তার পরিবার ও আত্মীয়দের মধ্যে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মা, বাবা শোকে মূর্ছমান হয়ে গেছে। নিহত রিয়াদ মেহের আলী হাজী বাড়ীর রহিম উল্লার ছেলে। ৬ ভাই বোনের মধ্যে রিয়াদ সবার বড়।
 
নিহত রিয়াদের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, ৪ বছর পূর্বে ৮ লক্ষ টাকা খরচ করে পরিবারের অভাব ঘোছানোর জন্য সে দক্ষিন আফ্রিকায় পাড়ি জমান। সেখানে যাওয়ার পর তার চাচার সঙ্গে থেকে ব্যবসা করে বছরগুলো ভালোই কেটেছিল। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে সে দোকানের মালামাল নিয়ে ফেরার পথে দক্ষিন আফ্রিকার আমতাতা এলাকা থেকে তাকে সন্ত্রাসীরা গাড়ি প্রতিরোধ করে অপহরণ করে নির্জনস্থানে নিয়ে গুলি করে জঙ্গলে ফেলে চলে যায়।
 
নিহত রিয়াদের ছোট ভাই আমির হোসেন জানান, তার বড় ভাই অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছে তার সে আশাটা পুরন করতে দেয়নি সন্ত্রাসীরা। ভাইয়ের হতাকারীদের বিচার চায়।
 
নিহত রিয়াদের চাচা মো. এয়াকুব জানান, দক্ষিন আফ্রিকায় প্রতিবছর সন্ত্রাসীরা গুলি করে অনেক বাংলাদেশিকে হত্যা করেছে। তিনি তার ভাতিজা রিয়াদের হত্যাকারীসহ সকল হত্যাকারীর বিচারের দাবি জানান। এদিকে তার পিতা রহিম উল্লাহ ছেলে হত্যার বিচার দাবি করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।