সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৪:১২
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় অপর সহপাঠি মতিনকে (১৮) গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, সৈয়দপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র রফিকুল ইসলাম কয়েকজন সহপাঠীসহ সাইকেল যোগে গ্রামের বাড়ি সদরের সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গি থেকে সৈয়দপুর বাইপাস সড়ক হয়ে কলেজে আসছিলেন। এসময় ওই সড়কের সেফটি ট্যাংক এলাকায় রংপুরগামী একটি দ্রুতগামী মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের পুত্র। গুরুতর আহত সহপাঠী মতিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।