বস্ত্র ও পাট মন্ত্রী মুহঃ ইমাজ উদ্দীন প্রামানিক এমপি বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। এতে বেশি ভূমিকা নিতে হবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের। সারা দেশের আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের সব অপশক্তিকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ জনগনকে নিয়ে দেশ স্বাধীন করেছে। জনগনকে নিয়ে সব শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে।'
বুধবার নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলন শেষে বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি নাহিদ মোর্শেদ বাবুকে পুনরায় সভাপতি এবং গৌতম চন্দ্র মহান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট নাহিদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ নাসিম প্যাভেল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক আশরাফ হোসেন, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সহ-সভাপতি এসএম ব্রহানি সুলতান মাহমুদ গামা, সাধারণ সম্পাদক সরদার জসীম উদ্দীনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
