পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল থেকে ভারত গেলেন আরো ১০৫ জন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৬:৩০
 
চতুর্থ দফায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদ্য বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী ও দইখাতা ছিটমহল থেকে ২১টি পরিবারের ১০৫ জন ভারতে গেলেন। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলার চিলাহাটি-হলদি বাড়ি সীমান্ত পথ দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করেন দেশটির নতুন নাগরিকেরা।
 
গতকাল বুধবার ২২ পরিবারের ১০৭ জন ভারতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একজনের সিদ্ধান্ত বদল ও একজন জমি বিক্রয় করতে না পারায় ভারতে যাননি। এ নিয়ে চারদিনে ভারতে গেলেন ৪৫৪ জন।
 
সকালে দেবীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ১০৫ জনের দলটির প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনের প্রথম সেক্রেটারি রমাকান্ত গুপ্তার কাছে হস্তান্তর করা হয়। পরে তিনটি মিনিবাসে ও পাঁচটি ট্রাকে আসবাবপত্র ও গৃহস্থালী নানা পণ্য নিয়ে তারা রওনা হন। দুপুরে ডোমার উপজেলার আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের ভারত যাওয়ার নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় দুই দেশের জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে প্রথম দফায় ৪৮ জন, দ্বিতীয় দফায় ১৪৭ জন ও তৃতীয় দফায় ১৫২ জন ভারতে প্রবেশ করেন।
 

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, নির্ধারিত সময়ে যারা ভারতে যেতে পারেননি তাদের যাওয়ার পরবর্তী সময় পরে জানিয়ে দেয়া হবে। যারা একেবারেই যাবেন না তাদের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।