উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনে দায়ী: সুলতানা কামাল

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৯:৩০
জলবায়ু পরিবর্তন একটি মানবসৃষ্ট দুর্যোগ, উন্নত দেশগুলো এর জন্য দায়ী। বিশ্ব নেতারা এর দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট পরিবেশ আন্দোলনকারী অ্যাডভোকেট সুলতানা কামাল।
 
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাঁচা-মরা লড়াইয়ের পর্যায়ে চলে গেছে, বিরাট উদ্বেগ ও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে বাংলাদেশে নদী ভাঙন, বন্যা, খরা ও উপকূলীয় অঞ্চলে পানির স্তর বেড়ে গিয়ে চাষাবাদ নষ্ট হতে পারে।
 
সুলতানা কামাল আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা আমাদের ঘাঁড়ের উপর এসে পড়লেই ক্ষতি  টের পাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব।
 
বিশ্ব জলবায়ু পদযাত্রা বাংলাদেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জলবায়ু পদযাত্রা আয়োজক কমিটির সমন্বয়ক শরীফ জামিল, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতি গোমেজ প্রমুখ।
 
আগামী ২৮ নভেম্বর জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে সাবাইকে অবহিত ও সচেতন করতে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত গণপদযাত্রার আয়োজন করা হয়েছে। দেশ ও  দেশের ১৬ কোটি মানুষের জন্য বিশ্ব জলবায়ু পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান সুলতানা কামাল। 
 
-ফোকাস বাংলা