দৈনিক যুগান্তরের ইকোনোমিক এডিটর হেলালউদ্দিনকে রাজস্ব বোর্ডের এক উর্ধতন কর্মকর্তা কর্তৃক হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক বিবৃতিতে বলেছেন, কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে একটি বিষয়ে জবাব চাইতে গিয়ে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার রোষাণলে পড়েছেন হেলালউদ্দিন। অভিযোগ উঠেছে, হেলালউদ্দিনকে চাকুরিচ্যুত করতে ওই কর্মকর্তা যুগান্তর কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করছেন। তা ছাড়া সরকারি প্রভাব ব্যবহার করে হেলালউদ্দিনকে মানসিকভাবে হয়রানির অভিযোগও পাওয়া গেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতার অপব্যবহারকারী বিশেষ এ গোষ্ঠীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, কারো অন্যায় চাপের মুখে কোনো সাংবাদিক চাকুরিচ্যুত হলে তার দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে।
বিবৃতিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন বৈশাখীতে কিছুদিন ধরে বিনা নোটিশে সাংবাদিক ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি এবং নানা বাহানায় সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে বেশ কয়েক জন সিনিয়র সাংবাদিকসহ অন্তত: ১০জনকে চাকুরিচ্যুত করা হয়েছে। আর এ অন্যায় কাজে মালিককে মদদ দেয়ার অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজনের বিরুদ্ধেও। ডিইউজে নেতৃবৃন্দ এ সব গণমাধ্যমের মালিক ও তাদের দোসরদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রম আইনের বরখেলাপ ঘটিয়ে সাংবাদিক ছাটাই ও নির্যাতনের পদক্ষেপ বন্ধ করা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে।
