চাঁদপুরের শাহরাস্তিতে সিরাজুল ইসলাম (২৭) নামের এক জামাতা শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার সন্ধ্যায় পৌর শহরের কাজিরকাপ গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজিগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত আবেদ মিয়ার ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে ওই বাড়ির দিনমজুর বাবুল মিয়ার মেয়ের আসমা বেগমের (২৩) চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সিরাজুল ইসলাম বিভিন্ন অজুহাতে টাকার জন্য আসমাকে মারধর করতেন। আসমার পরিবার এ ঘটনা জানতে পেরে তাকে আর স্বামীর সংসারে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে পুনরায় আসমাকে স্বামীর বাড়িতে পাঠায়। এরপরও টাকার জন্য স্ত্রীকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন সিরাজুল ইসলাম। আসমার পরিবার তাকে আর স্বামীর সংসারে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।
বুধবার বিকালে আসমার বাড়িতে দু’পরিবারের লোকদের সালিশ বসে। বৈঠকে তাদের বিবাহ বিচ্ছেদ ও ২ বছরের মেয়ে সন্তানটি আসমার কাছে রেখে দেয়ার সিদ্ধান্ত হয়। মাগরিবের নামাজের জন্য সালিশ মুলতবি হলে ওই সময় সিরাজুল ইসলাম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তার পরিবারের লোকজন সিরাজুল ইসলামকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অন্যদিকে আসমার পরিবার এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে।
