লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গৃহকর্মী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি নাজিম উদ্দিন ওরফে নাজুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মাজার এলাকা থেকে এএসআই মহসীন চৌধুরী তাকে গ্রেফতার করেন। নাজিম উদ্দিন উপজেলার পশ্চিম বিঘা গ্রামের আবদুর রশিদ মৌলভীর ছেলে।
রামগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মহসীন চৌধুরী জানান, ২০০৪ সালের ১৭ আগস্ট কাজের মেয়েকে ধর্ষণ করার ঘটনায় নাজিমের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলায় ২০০৮ সালের ২৫ মার্চ লক্ষ্মীপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আসামি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
