শুক্রবার ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেয়া আসামি দেলোয়ার হোসেন দেলু (৩৫) আখাউড়া উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকার মহরম আলীর ছেলে। আখাউড়া থানা পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজমপুর কৌড়াতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে আটক করে। এ সময় দেলোয়ার পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ দৌড়ে গিয়ে তাকে পুনরায় আটক করে। এরপর দেলোয়ারকে থানায় নিয়ে আসতে চাইলে তার স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে হাতড়াসহ ছিনিয়ে নেয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
