রাজাপুরে এক পরিবারকে দেশ ত্যাগের হুমকি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৭:৪৩
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের একটি পরিবারের উপর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন চালিয়ে তারা ওই পরিবারের কর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিন হালদারের হাত-পা ভেঙে দিয়েছে।
 
এ সন্ত্রাসী ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করায় তারা রবিনসহ পরিবারকে দেশ ত্যাগের হুমকি দিয়েছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। অসহায় ওই পরিবারটি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।
 
শুক্রবার দুপুরে রাজাপুরের সাতুরিয়ার নৈকাঠি নমঃপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন হামলার শিকার রবিন হালদার।
 
রবিন হালদার অভিযোগ করেন, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা পলাশ, মোজাম্মেল হক, কবির হোসেন, দেলোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও আল-আমিন গত ৩০ অক্টোবর প্রকাশ্যে তার হাত-পা পিটিয়ে ভেঙে দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করায় উল্টো তাকে হত্যা ও দেশত্যাগের হুমকি দিচ্ছে তারা। এ মামলায় ৪নং আসামি স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতারের পর বাকি আসামিরা বাদীসহ সকল সাক্ষীদের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে।
 
সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও স্থানীয় ইউপি সদস্যসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।