নোয়াখালীতে জমি নিয়ে জেঠা-ভাতিজা খুন, আটক ৪

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৮:২৪
নোয়াখালী সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইদের হাতে খুন হয়েছেন ইব্রাহিম খলিল (৫০) ও তার ভাতিজা আলা উদ্দিন (১৭)। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শুক্রবার দুপুরে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সুমন, কালা মিয়া, হারুন ও গাজীকে আটক করে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
 
আহত সিরাজ মিয়া ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিলের সঙ্গে সৎভাই হারুন, সুমন, কালা ও গাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। দুপুর আড়াইটার দিকে দখলীয় বিবদমান জমিতে ইব্রাহিম হাল চাষ করা অবস্থায় তার ওই চার সৎ ভাইসহ পরিবারের লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা অতর্কিতে হামলা চালিয়ে ইব্রাহিম, তার স্ত্রী জেসমিন আক্তার, ছেলে রহিম উদ্দিন, রফিক উল্যা, রাজিব ও ছোট ভাই সিরাজ মিয়া এবং তার ছেলে আলা উদ্দিন ও ছালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় আহতদের চিৎকারে এলাকাবাসী চার সৎভাইকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম ও আলা উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
 
খবর পেয়ে বিকালে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন হতাহতদের দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান।
তারা জানান,  আটকদের মধ্যে কালা ও গাজীকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুমন ও হারুন থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।