ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরনে এক চৌকিদার নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (২৯)। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, রশিদ ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে চুক্তিভিত্তিতে চৌকিদারের কাজ করত। শুক্রবার সকাল ১০টার দিকে ফিল্ড ফায়ারিং রেঞ্জে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একটি পরিত্যক্ত মর্টারের গোলা নড়াচড়া করলে হঠাৎ তা বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে মারাত্মকভাবে আহত রশিদকে ঘাটাইল সিএমএইচ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
