‘১৯৭৫ সালের পর আমাদের দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। নানা ধরনের বাজে ও মিথ্যা কথা ইতিহাসে ঢুকিয়ে দেয়া হয়েছে। সত্য এবং সৌন্দর্য, শিক্ষা ও গবেষণা সাহিত্যের মূল উদ্দেশ্য। তাই দেশের সত্য ইতিহাস লেখার ক্ষেত্রে লেখকদের অনন্য ভূমিকা রয়েছে।’
শুক্রবার সকাল ১১ টায় খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে জেলা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা খারাপ সময় পার করে ভালোর দিকে যাচ্ছি। এখন সত্য কথা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
এতে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, সাহিত্যানুরাগী মোস্তাইন বিল্লাহ দারা, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস ও অধ্যাপক নিজাম উদ্দীন বক্তব্য রাখেন।
