নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ২০:৪১
সাতক্ষীরা জেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে তারালি এলাকায় (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে দেশটির পুলিশ।
 
শুক্রবার বিকেল পাঁচটার দিকে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের স্বরুপনগর থানা পুলিশ জেলার তলুইগাছা সীমান্তের চারাবাড়ি নোম্যান্স ল্যান্ড এলাকায় বাংলাদেশি রাখাল আব্দুল খালেক ও নজরুলের লাশ জেলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 
বাংলাদেশের পক্ষে নিহত ওই দুই বাংলাদেশির লাশ গ্রহণ করেন জেলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক ও কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু। এ সময় তলুইগাছা বিজিবি ক্যাম্প কমান্ডার হায়দার আলি ও ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিনোদ কুমারসহ কয়েকজন বিজিবি ও বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে গরু আনার চেষ্টা করে। এ সময় বিএসএফের ৭৬ ব্যাটালিয়ানের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে খালেক সরদার (৪০) নিহত হন।