কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে আটক করা হয়েছে তাদের।
শুক্রবার সন্ধ্যায় আটককৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ১৮ জন পুরুষ, সাতজন নারী ও দুই শিশু সীমান্ত পিলার নং-২০৮২/৬-এস এর নিকট কুমিল্লা সদর উপজেলার কেরানীনগর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় তাদের নিকট কোনো পাসপোর্ট-ভিসা না থাকায় কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বাড়ি বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় বলে জানানো হয়।
কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক গাজী আবুল হাশেম চৌধুরী জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
