ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেললাইন এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার সকালে দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রশাসন ফরিদপুর থেকে আরো এক প্লাটুন পুলিশ ও র্যাব এনে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মজিবর রহমান, কনস্টেবল আব্দুল বাতেন ও মোতালেফ।
গ্রামবাসীদের মধ্যে আহতরা হলেন- কবির হোসেন (৩৫), আলমগীর ড্রাইভার (৪৫), মহি শেখ (৪৭), সিরাজ ব্যাপারী (৫৫), মিলন মেম্বার (৪৫), কামাল শেখ (২৮), মহিত মীর (৩৫), তৌহিদ সরদার (৩৫), সহিদ সরদার (৪২)ও তার স্ত্রী রহিমা বেগম (৩৬)।
এলাকা ও থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাতে মানিকদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাজী জাফরউল্লাহ সমর্থক করিম মাতুব্বারের দল থেকে ১৫-২০ জন লোক এমপি নিক্সন চৌধুরী সমর্থক মোমরেজ তালুকদারের দলে যোগ দেয়। শনিবার সকালে পুখুরিয়া বাজারে রুহুল ও মোসলেম মোল্লার সঙ্গে দল ভাংগার কারণ নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দেশিয় অস্ত্র নিয়ে উভয়ে দলের ৬টি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
থানার উপ-পরিদর্শক জালাল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। একজনকে আটক করা হয়েছে।
