লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় শহরের সোনাপুর চৌরাস্তায় এই সংঘর্ষ হয়।
সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরীর আগমন উপলক্ষে তাদেরকে স্বাগত জানাতে কাটাখালী থেকে রামগঞ্জ শহরের সার্কিট হাউজ পর্যন্ত রাস্তার দুপাশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী অবস্থান নেয়। এ সময় বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহাজানের সমর্থক হিসেবে চিহ্নিত কয়েকজন কর্মী সোনাপুর চৌরাস্তা এলাকায় অতর্কিত হামলা চালায়। এসময় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেদু মাল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল,নাহিদ. মো: হোসেন, লিটন, হাসানসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
