মাসুদ আহমেদ রুমির ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:১৩

বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সাবেক সভাপতি মরহুম মাসুদ আহমেদ রুমির ১৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৩ সালের ১১ মার্চ তিনি ৫৫ বছর বয়সে মারা যান।

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অতি প্রিয় ব্যক্তিত্ব মাসুদ আহমেদ রুমি’র মৃত্যুবার্ষিকীতে বিএসজেএ তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে।

মাসুদ আহমেদ রুমি দৈনিক বাংলায় ১৯৭৮ সালে যোগ দিয়ে পত্রিকাটি বন্ধের আগ পর্যন্ত সেখানে কাজ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন তিনি। বাসসে ক্রীড়া সম্পাদক হিসেবে কর্মরত থাকাবস্থায় তার মৃত্যু হয়। 

ছাত্র হিসেবেও অত্যন্ত মেধার স্বাক্ষর রাখা রুমি ১৯৪৮ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন।

স্বাধীনতাপূর্ব সময় থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন তিনি। ষাটের দশকে অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রশিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করলেও পরবর্তীতে ক্রীড়া সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। পেশাদার ক্রীড়া সাংবাদিক সংগঠন বিএসজেএতে টানা দু’বার (১৯৯১-৯২, ১৯৯৩-৯৪) সভাপতির দায়িত্ব পালন করেন। খবর বিজ্ঞপ্তির।