তবুও শীর্ষে সিটি

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:১৪

জিতেছে লিভারপুলও

 স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী লিভারপুল গতকাল রবিবার বার্নলিকে ৪-২ গোলে হারালেও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। সিটি এর আগেরদিন ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান গড়েছিল। কিন্তু কাল সেটা আবার এক পয়েন্টে নেমে আসে। লিভারপুলের জয়ে রবার্ট ফিরমিনহো ও সাদিও মানে দুটি করে গোল দেন। এ জয়ের পর লিভারপুলের লক্ষ্য এখন বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে যাবে।

সিটির জয়টির পর কোচ পেপ গার্দিওলা অবশ্য জানিয়েছিলেন অবশিষ্ট আট ম্যাচের সবকটিই জিততে পারবে না তার দল। সিটির সর্বশেষ জয়ে হ্যাটট্রিক করেন রাহিম স্টার্লিং। নিজেদের মাঠে ইত্তেহাদ স্টেডিয়ামে বিরতির পর গোলগুলো করেন ফরোয়ার্ড রাহিম।

প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম অবশ্য দুর্দশাতেই আছে। কোচ মরিসিও পচেত্তিনোর দল এবার ২-১ গোলে হেরেছে নিচের দিকে থাকা সাউদাম্পটনের কাছে। সাউদাম্পটনের মাঠে শুরুতে হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়েও স্বাগতিক খেলোয়াড় ইয়ান ভ্যালেরি ও জেমস ওয়ার্ড প্রোসের লক্ষ্যভেদে মৌসুমের নবম হারের বিস্বাদ গ্রহণ করেছে টটেনহ্যাম।

এদিকে গার্দিওলা প্রিমিয়ার লিগের চরম অনিশ্চয়তার ইঙ্গিত করে জানান অবশিষ্ট ম্যাচের সবগুলো জেতা প্রায় অসম্ভব। স্প্যানিশ এই কোচের ভাষায়,‘সব প্রতিযোগিতায় এগিয়ে গিয়ে আর পয়েন্ট হারাবো না আমরা এটা প্রায় অসম্ভব।’  আপাতত পরের ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন সিটি কোচ। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে শালকের মুখোমুখি হবেন সার্জিও আগুয়েরোরা, যেখানে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছেন তারা। গার্দিওলা বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে এবং পরের সপ্তাহের জন্য প্রস্তুত হতে হবে।’