সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই! বিদ্যালয়ের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৯৭টি বিদ্যালয়ে ৯৭ জন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৫৩ জন। বাকি ৪৪টি শূন্যপদে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা।
এ ছাড়া, বেশিরভাগ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনেকগুলো পদও শূন্য রয়েছে। এমন অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক ব্যস্ত থাকছেন দাপ্তরিক কার্যক্রমে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে আলাপ করে জানা যায়, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেসব বিদ্যালয়ের দু-তিনজন সহকারী শিক্ষকের একজন ব্যস্ত থাকছেন দাপ্তরিক কার্যক্রমে। এতে পড়ালেখার ব্যাঘাত ঘটছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা জানান, প্রধান শিক্ষক ও শিক্ষক সংকট থাকা সত্ত্বেও বিদ্যালয়ে পাঠদান চলছে। তবে দ্রুত শিক্ষক সংকট সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
