আপনাদের জন্য কাজ করছি, আমার জন্য নয় : আনিসুল

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:২২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে সকলের উদ্দেশ্যে বলেন, আমি যা করছি, আপনাদের জন্য করছি। আমার জন্য নয়। আমি নগর পিতা। আর আপনারাই আমাকে নির্বাচিত করেছেন।
 
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযানে এসে রবিবার দুপুর থেকে অবরুদ্ধ ছিলেন তিনি। এ সময় পুলিশের গুলিতে এক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পরলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে টার্মিনালে থাকা শ্রমিকেরা।
 
অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে মেয়র আনিসুল হক সকলের উদ্দেশ্যে বলেন, 'আপনার আমার কথা শুনুন, আমিও আপনাদের কথা শুনব।' এরপর তিনি বলেন, 'আপনাদের ট্রাক রাখার ব্যবস্থা টার্মিনালের ভিতরে করা হয়েছে। যেন বাহিরে ট্রাক রাখতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন বোধে আরেকটি টার্মিনাল নির্মাণ করা হবে। কিন্তু রাস্তায় ট্রাক রাখা যাবে না।'
 
এ সময় আহত শ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, 'আপনাদের প্রত্যেকের মত সেও আমার দায়িত্ব। তার সমস্যাগুলো আমি দেখব। তবে আপনাদের আমার পাশে থাকতে হবে। আপনাদের আমার সঙ্গে থেকে সাহায্য করতে হবে।'