ইত্তেফাক রিপোর্ট
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠানে ৫০ জন গণমাধ্যম কর্মীকে সম্মাননা দিয়েছে ইউনিসেফ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সৃজনশীল গণমাধ্যম ও সাংবাদিকতায় অবদানের জন্য মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ব শিশু দিবস উপলক্ষে হাজার হাজার শিশুর অংশগ্রহণে ইউনিসেফ বাংলাদেশ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করে।
গতকাল মঙ্গলবার বিশ্ব শিশু দিবসে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বর্ণিল সাংস্কৃতিক আয়োজন এবং জনপ্রিয় ব্যান্ডসংগীতের দল ওয়ারফেইজের পরিবেশনার মধ্য দিয়ে গানের সুরে সুরে শিশুরা মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ও ‘বিশ্ব শিশু দিবস’ উদযাপন করে। এ বছর এই অ্যাওয়ার্ডের জন্য অংশ নেন ৮৫০ জন প্রতিযোগী। এদের মধ্য থেকে ১৪ ক্যাটাগরিতে মনোনীত ৮৫ জনের মধ্য থেকে বিজয়ীদের বেছে নেওয়া হয়।
ইউনিসেফ বাংলাদেশ আরও অনেক কিছুর পাশাপাশি শিশুদের জন্য একটি ‘নীল কনসার্ট’ (ব্লু কানসার্ট) এবং জাতীয় ক্রিকেট তারকা ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ আয়োজন করে।
অংশগ্রহণকারী ও পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, আমি আশা করবো, শিশুদের সমস্যাগুলো তুলে ধরে এবং শিশুদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের গতিশীল গণমাধ্যমও শিশুদের জন্য এই বৈশ্বিক কর্মকাণ্ডে যোগ দেবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এডুয়ার্ড বেগবেদার, ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত অভিনেত্রী আরিফা জামান মোসুমী ও জাদুশিল্পী জুয়েল আইচ বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন।
