খাগড়াছড়িতে সমাবেশে পুলিশি অ্যাকশন, আহত ১৪, আটক ৪

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ০১:৪৭

পার্বত্য চট্টগ্রামের ‘৮ সংগঠনের কনভেনিং কমিটি’ (গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ), পা. চ. নারী সংঘ, সাজেক নারী সমাজ, সাজেক ভূমিরক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড) গতকাল রবিবার খাগড়াছড়ি সদরের তিনটি স্থানে জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিন সংহতি দিবসে সমাবেশ করতে গেলে পুলিশ বাহিনীর হামলা, বেধড়ক লাঠিপেটায় নারীসহ ১৪ জন আহত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমাসহ ৪জনকে আটক করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ২জনকে আটক করার কথা স্বীকার করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন ভুঁইয়া জানান, প্রশাসনের কোন প্রকার অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করলে এতে পুলিশ বাধা দেয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা হঠাত্ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

 

আট গণসংগঠনের কনভেনিং কমিটির আহ্বায়ক সোনালী চাকমা ও সদস্যসচিব অংগ্য মারমা এক বিবৃতিতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতদের আজ সোমবারের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের ঘোষণা দিয়েছেন।