এক সময় আমাদের দেশে মানুষ অবসরে টিভি দেখত, বই ও পত্রপত্রিকা পড়ত। ছোটকালে আমরা দেখেছি আমাদের মায়েরা কাজকর্ম সেরে রাতে বই পড়তেন, নারীদের ম্যাগাজিন পড়তেন আর বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখতেন। আকাশ সংস্কৃতির নামে নানান টিভি চ্যানেল প্রবেশ করেনি তখনও। বাংলাদেশ টেলিভিশনে মানসম্মত অনুষ্ঠান প্রচার হতো। এই দেশে যখন আকাশ সংস্কৃতির প্রবেশ ঘটে তখন সেই সংস্কৃতি অপসংস্কৃতিতে পরিণত হয় নানান অবাস্তব ও পারিবারিক ড্রামাভিত্তিক সিরিয়াল প্রচারে। এখন বাংলাদেশের শতকরা ৬০ ভাগ নারী ভারতীয় টিভি সিরিয়ালের ভক্ত। এই টিভি সিরিয়ালগুলো দেখে নারীদের মনমানসিকতা পরিবর্তন হচ্ছে। নারীদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ছে। তারা শিখছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা। স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ, পরিবারে মুরব্বীদের সঙ্গে অসদাচরণ বাড়ছে। আবার দেখা যাচ্ছে দেশের টিভি চ্যানেলগুলোতেও ভারতীয় সিরিয়ালের অনুকরণে সিরিয়াল নির্মিত হচ্ছে। মানহীন অনুষ্ঠান, মেধাহীন ভাবনা ও অনুষ্ঠানগুলোর মাত্রাতিরিক্ত বাণিজ্যিক ভাবনায় আমাদের চিরাচরিত সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ হুমায়ুন কবির
দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম
