ফেনী জেলা কারাগারে মো. মজিবুর রহমান (৪০) নামে এক হাজতির মত্যু হয়েছে। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২৫ মিনিটের সময় তার মৃত্যু হয়।
ফেনী জেলা কারাগারের জেলার শংকর কুমার মজুমদার জানান, ফেনী জেলা কারাগারের হাজতি মো. মজিবুর রহমান ফেনী মডেল থানার মাদক মামলার আসামি ছিলেন। চলতি বছরের ২৪ আগস্ট সংবাপত্রবাহী গাড়িতে মাদকসহ তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা। নিহত মজিবুর রহমান ঢাকার যাত্রাবাড়ী বিবির বাজার ধলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং সংবাদপত্রবাহী গাড়ির চালক ছিলেন।
সোমবার সকালে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, ফেনী জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিমসহ কর্মকর্তারা পরিদর্শন করেন।
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
ফেনী জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম জানান, মো. মজিবুর রহমান রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২৫মিনিটের সময় তার মৃত্যু হয়। তিনি ফেনী মডেল থানার মাদক মামলার আসামি ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা চলতি বছরের ২৪ আগস্ট সংবাপত্রবাহী গাড়িতে মাদকসহ তাকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
