ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘তেজগাঁও ট্রাকস্ট্যান্ডকে ঘিরে প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। তারা সেখানে অবৈধ স্থাপনা করেছে, দোকান তুলেছে, মাদক ব্যবসা করছে। এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। রবিবারের অভিযানের সময় এ কারণেই তারা ঢিল মেরেছে। যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে, আপনারা সহযোগিতা করুন।’
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যারা হামলা করেছে তাদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি মাদকের, চাঁদাবাজির টাকার শক্তি। এ শক্তি থাকবে না। তেজগাঁওয়ের রাস্তা ফাঁকা হয়ে গেছে, সেখানে আর কখনো ট্রাক থাকবে না।’
