বিএসটিআই চট্টগ্রাম অফিস কুমিল্লার ১১ উপজেলার ৫৬ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। গুণগতমান যাচাই ছাড়া পণ্য বিক্রয় করায় এসব প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সোমবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
জানা গেছে, খাদ্য ও ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অভিযোগে জেলার চৌদ্দগ্রামের ১৭ টি, বুড়িচংয়ের ১৮ টি, দেবিদ্বারের ছয়টি, আদর্শ সদরের দুটি, সদর দক্ষিণের একটি, দাউদকান্দির তিনটি, ব্রাহ্মণপাড়ার তিনটি, মুরাদনগরের দুটি, তিতাসের একটি, চান্দিনার দুটি ও লাকসামের একটিসহ ৫৬ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ জানান, পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।
