নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের সাধন কর্মকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ী লাশ নিখোঁজের দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা রেলগেট এলাকার রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাধন পাঁকা গ্রামের মৃত নন্দ কর্মকারের ছেলে এবং বাঘা উপজেলার আড়ানী বাজারের স্মৃতি জুয়েলার্সের সত্বাধিকারী।
পুলিশ জানায়, শনিবার রাতে সাধন কর্মকার আড়ানী বাজারের জুয়েলারি দোকান থেকে বাড়ি ফিরেন। এরপর ওই রাতেই বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় বিষয়টি বাগাতিপাড়া থানা পুলিশকে মৌখিকভাবে জানায় পরিবারের লোকজন। এর দুইদিন পর সোমবার সকালে স্থানীয়রা বাঘায় রেল লাইনের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। সাধনের পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠায়।
বাগাতিপাড়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হতে পারে।’
