ফরিদপুরে দুই শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২৩:৫৫

ফরিদপুর শহরের খাবাসপুরে দুই শিশুকে ধর্ষনের অভিযোগে মো. আল আমিন নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, খাবাসপুর মাঝিপাড়ায় বসবাসকারী খবির শেখের ছেলে হোটেল কর্মচারী মো. আলামিন (১৫) প্রতিবেশী সুরমি (০৭), হাসনা (০৮) ও মহিনি (০৬) নামের তিন শিশু কন্যাকে রোববার বিকেলে বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে নিরাময় হাসপাতালের পিছনের একটি ছাপড়া ঘরের মধ্যে নিয়ে যায়। পরে সেখানে সুরমিকে ধর্ষণ করে সে।
 
সুরমি রক্তপাতের কারণে অসুস্থ হয়ে পড়লে ওই কিশোর হাসনাকে ধর্ষন করে। এসময় অপর শিশু মহিনি কৌশলে পালিয়ে গিয়ে বাড়ীর লোকজনকে জানালে স্থানীয়রা এসে আলামিনকে হাতেনাতে আটক করে। এক পর্যায়ে আলামিন সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
 
নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় সুরমির বাবা শুকুর শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। সোমবার বিকালে পুলিশ আলামিনকে হেলিপ্যাড এলাকা থেকে গ্রেফতার করে।
আলামিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ০৯(০১) ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৩, তাং ৩০.১১.২০১৫ইং। মঙ্গলবার আলামিনকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।