পিকেটারের ধাওয়া, ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১২:৪৭
 
খাগড়াছড়িতে আঞ্চলিক আট সংগঠনের কনভেনিং কমিটির সড়ক অবরোধ চলাকালে পিকেটারের ধাওয়ায় মিনিট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে দীঘিনালা সড়কের বাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। 
 
নিহত পনেশ্বর ত্রিপুরা (১৪) জেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 
 
জানা গেছে, পনেশ্বর তার সহপাঠীদের সঙ্গে ঐ মিনিট্রাকে করে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে যাচ্ছিল।
 
প্রত্যক্ষদর্শী হিমেল ত্রিপুরা ও অমিত ত্রিপুরা জানান, পথে পিকেটাররা ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে চালক হঠাৎ করে ট্রাক থামিয়ে দেয়। এসময় ট্রাকে থাকা ছাত্ররা দ্রুত নামতে থাকে। একপর্যায়ে চালক ট্রাক পিছনের দিকে নিয়ে গেলে পনেশ্বর ত্রিপুরা চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
 
এদিকে সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সড়কে কোন গাড়ি ছেড়ে না গেলেও জেলা শহরে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমার মুক্তির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবেরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।