রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার আদালতের মাধ্যমে ঐ নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শাহানাজ বেগমের (৩০) বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তার স্বামীর নাম আশরাফ আলী। তিনি মহানগরীর ভাটাপাড়ায় ভাড়া থাকেন।
রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন দুই মাসের শিশু রুকুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহানাজ হাতে-নাতে ধরা পড়ে। ঐ শিশুর বাবা তুহিন জেলার পুঠিয়ার বাসিন্দা।
শিশুটির মা আইরিন জানান, রাত সাড়ে আটটায় তিনি শিশুটিকে বেডে রেখে হাসপাতাল ওয়ার্ডের টয়লেটে যান। ফিরে এসে দেখেন, শাহানাজ তার শিশুটিকে কোলে নিয়ে চলে যাচ্ছেন। বাচ্চাটিকে কেন নিয়ে যওয়া হচ্ছে জিজ্ঞাস করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে ওয়ার্ডের নার্স-কর্মচারীরা শাহানাজকে আটক করে হাসপাতালের পুলিশ বক্সের সদস্যদের হাতে তুলে দেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এনামুল হক জানান, শাহানাজ একজন হেরোইনসেবী। শিশুটিকে চুরির ঘটনায় তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
