চরফ্যাশনে ইউসিসিএ কর্মচারীদের ৪ দিনের কর্মবিরতি শুরু

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২৯

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ৪দিন ব্যাপি  কর্মবিরতি পালন শুরু করেছে চরফ্যাশন ইউসিসিএ কর্মচারীরা। গতকাল রবিবার সকাল থেকে তারা বিআরডিবি অফিসের সামনে  অবস্থানপূর্বক পূর্ন দিবস কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ করেন। কর্মসূচি পালনকালে তালাবদ্ধ ছিল বিআরডিবি অফিসের মুল ফটক। কর্মচারী ইউনিয়ন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো. রাশেদুল আলম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ মার্চ পর্যন্ত তারা কালো ব্যাচ ধারণ পূর্বক পূর্নদিবস কর্মবিরতি পালন করবেন।

তজুমদ্দিনে কর্মবিরতি

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় (ইউসিসিএ) কর্মচারীদের রাজস্ব অন্তর্ভুক্তকরণের দাবিতে রবিবার অর্ধদিবস উপজেলা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। জাতীয় শ্রমিকলীগের আওতাভুক্ত  বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করে। কর্মবিরতি পালনকারীরা জানান, ২০০৮ সালে বিআরডিবি’র ৪৪তম বোর্ড সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) এর কর্মচারীদের রাজস্ব অন্তর্ভুক্তকরণের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষ করে সুপারিশ প্রদানের জন্য উচ্চ পর্যায়ে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।