ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী মঙ্গলবার সকালে গাজীপুরের কয়েকটি ভূমি অফিস আকম্মিক পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুই ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন তিনি।
সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউসুফ আলী ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা। এছাড়া কালিয়াকৈর উপজেলার সাবাজপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে শাস্তিমূলক বদিলর নির্দেশ দেয়া হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল জানান, গাজীপুরের কয়েকটি ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী সকালে আকস্মিক পরিদর্শনের আসেন।
