নীলফামারীতে পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৯:২১
 
পৃথক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে  জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। 
 
এর মধ্যে  ২০০৯ সালের ২০ এপ্রিল যৌতুক দাবিতে জেলার ডিমলা উপজেলার সাতজান গ্রামের গৃহবধূ সন্ধ্যা রানী রায়কে হত্যা করে তার স্বামী বিপুল চন্দ্র রায়। ওই মামলায় বিপুল চন্দ্র রায়কে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
অপরদিকে ২০০৯ সালের ২৩ জুন পূর্ব শত্রুতার জের ধরে জেলার কিশোরীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সফিয়ার রহমানকে পিটিয়ে হত্যা করে তার প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল আজিজ সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের করাদণ্ড প্রদান করা হয়।
 
সাজাপ্রাপ্তরা হলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের মকিম উদ্দীনের ছেলে বাবুল (৩৮), তার বড়ভাই মোসলেম উদ্দীন (৪২), চাচাত ভাই দুলাল হোসেন (৩৭), আব্দুল মজিদ (৪০) ও ভাতিজা (রায়হানের ছেলে) সাইফুল ইসলাম (২৫)।