বুধবার মিয়ানমার থেকে ফিরছে ৪৮ বাংলাদেশি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ২১:১৭
 
বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম জানিয়েছেন, বাংলাদেশে ইয়াবা পাচারের দায় স্বীকার করেছে মিয়ানমার। এ ছাড়া সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময়  সেদেশের নৌবাহিনীর হাতে আটক ৪৮ বাংলাদেশিকে সপ্তম দফায় বুধবার সকালে ফেরত দেবে।
 
মঙ্গলবার মিয়ানমারের মংডু শহর এন্ট্রি-এক্সিট পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে দেশে ফিরে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো জানান, ইয়াবা পাচার প্রতিরোধে মিয়ানমার অভিযান শুরু করেছে। পাশাপাশি মানবপাচার ও চোরাচালান রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দেশটি। সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, সীমান্ত এলাকায় গুলিবিনিময় বন্ধ, নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের সমস্যা নিরসন ও আস্থা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারিতে বিজিরি মহাপরিচালক ও বিজিপির মহাপরিচালক পর্যায়ে মিয়ানমারে একটি পতাকা বৈঠক হবে।
 
এর আগে সকাল ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দর দিয়ে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের মংডুতে যান।