পাঁচ বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৪:০৯
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাঁচ বাংলাদেশীকে পিটিয়ে আহত করেছেন। বুধবার ভোরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৭), শামীম হোসেনের ছেলে গোলাম (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও আফতাব হোসেনের ছেলে রুহুল আমিন (৪০)। 
 
স্থানীয়রা জানায়, ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু রাখালদের ধাওয়া করে। এক পর্যায়ে ভারতীয় গরু রাখালরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে। এ সময় বিএসএফ সদস্যরাও তাদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে গোয়ালপাড়া এলাকায় পটল ক্ষেতে কর্মরত পাঁচ বাংলাদেশিকে মারধর করে ও দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে স্থানীয় সীমান্তবাসী ও বিজিবি একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহত বাংলাদেশিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। 
 
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, 'পাঁচ জন নয়, দুই জন আহত হয়েছেন। ইতিমধ্যে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। পরবর্তীতে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হবে।'