নবাবগঞ্জে গৃহবধূ খুন, স্বামী পলাতক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৫:০০
 
ঢাকার নবাবগঞ্জে বিথী আক্তার মুক্তা (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার দুপুরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত মুক্তা উপজেলার রাধাকান্তপুর গ্রামের সাইফুল আলমের স্ত্রী। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছেন বলে জানা যায়।
 
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,সকাল ১১ টার দিকে মুক্তাকে ৩/৪ জন ব্যক্তি মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে নিহতের বড় ভাই তরিকুল ও তার স্বজনরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ  ঘটনাস্থল  থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
নিহত মুক্তার ভাই তরিকুল জানান, সকাল ১০ টার দিকে সাইফুল আমাকে মোবাইল ফোনে জানায় মুক্তা অসুস্থ হয়ে পড়েছে। তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর সে মোবাইল লাইন বিছিন্ন করে দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বোনের মৃতদেহ দেখতে পাই।
 
তিনি আরো জানান, ছয় বছর আগে উপজেলার রাধাকান্তপুর গ্রামের মো. জলিলের ছেলে সাইফুল ইসলামের সাথে মুক্তাকে বিয়ে দেই। বিয়ের পর থেকে সাইফুল তার উপর নানাভাবে শারিরীক নির্যাতন  করতে থাকে।
 
তরিকুল ও তার পরিবারের অভিযোগ, মুক্তাকে পরিকল্পিতভাবে তার স্বামী হত্যা করেছে।
 
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছির উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।