আমারও প্রদীপের নিচে অন্ধকার আছে : ওবায়দুল কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৬:০১
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, 'আমারও প্রদীপের নিচে অন্ধকার আছে।' ধূমপান ও পান জর্দা বিষয়ে এক সময় নিজের আসক্তির কথা স্মরণ করে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, 'আট বছর আগেও যদি আপনারা আমাকে এ ধরণের অনুষ্ঠানে ডাকতেন, আমি লজ্জা পেতাম। কিন্তু এখন এসেছি সাহস নিয়ে।  ২০০৮ সাল থেকে আমি এসব কিছু স্পর্শ করিনি।'
 
বুধবার আগারগাঁওয়ে এলজিইডি ভবনে তামাকবিরোধী নারী জোটের 'ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য এবং তামাক চাষ নিয়ন্ত্রণে নারীর ভূমিকা' শীর্ষক 'তাবিনাজ সম্মেলনে' তিনি আরো বলেন, 'অনেকে নতুন আইন করার কথা বলেন। দায়সারা আইন করে লাভ নেই। যত আইন আছে তার কোনো প্রয়োগ নেই। যে আইন রয়েছে সেটিই কঠোরভাবে প্রয়োগ করতে হবে।'
 
এ সময় তিনি বলেন, "ফেসবুকে দেখেছি, ইদানিং ১৫ থেকে ২০ বছর বয়সী ছেলে-মেয়েদের ৮০-৯০ শতাংশই সিগারেট খায়। নতুন একটা জিনিস দেখছি, 'শিশা'। হুক্কার মতো দেখতে, অনেক রেস্টুরেন্ট এগুলো লুকিয়ে বিক্রি করে।" শিশা গ্রহণের প্রবণতা 'মেয়েদের মধ্যে তুলনামূলক বেশি' বলেও মন্তব্য করেন মন্ত্রী কাদের।
 
দিনব্যাপী এ সম্মেলনের মুখ্য আলোচক ছিলেন 'ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস' এর দক্ষিণ এশিয়ার প্রোগ্রাম পরিচালক বন্দনা শাহ।
 
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতার প্রমুখ।