কুমিল্লায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক অবরুদ্ধ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২১:২৯

 

কুমিল্লার লাকসাম উপজেলার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় নাছিমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে লাকসাম সদরের রংপুর পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায়কে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।  নাসিমা বেগম লাকসাম উপজেলার কান্দিরপাড় চেঙ্গাচাল গ্রামের আরবের রহমানের স্ত্রী।

নাসিমার ভাই মোস্তাফিজুর রহমান সুজন ও চাচা আবুল কাশেম জানান, নাছিমার (৩২) প্রসব ব্যাথা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে রংপুর পলি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে গভীর রাতে সিজার করা হয়। একপর্যায়ে নাসিমার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর বিষয়টি গোপন রেখে তাকে উন্নত চিকিৎসার নামে এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয় ও নবজাতককে ওই ক্লিনিকে রেখে দেয়া হয়। এ সময় সঙ্গে থাকা স্বজনরা ক্লিনিক থেকে বের হয়ে কয়েক’শ গজ যাওয়ার পর নাসিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুনরায় ওই ক্লিনিকে ফেরত আসে। এ সময় তারা উত্তেজিত হয়ে ক্লিনিক মালিককে অবরুদ্ধ করে রাখে। বুধবার বিকেলে স্থানীয় রাজনৈতিক নেতার মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়।

ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায় সংবাদিকদের জানান, অপারেশন সঠিকভাবে হয়েছিল। অনাকাঙ্খিত এ মৃত্যুর ঘটনায় প্রসূতির পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে।

সন্ধ্যায় লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।