সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১২:২৬
 
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাকিব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
 
নিহত সাকিব শহরের দক্ষিণ কাটিয়া এলাকার শামসুর রহমানের ছেলে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব মোটরসাইকেলযোগে দ্রুত শহরের কাটিয়াস্থ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সাকিব রাস্তার ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে চিকিত্সাধীন অবস্থায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।